সুদানের ডিলিং শহরে ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির একটি চিকিৎসা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ‘মঙ্গলবার (১০ মার্চ) দক্ষিণ কোর্দোফান অঞ্চলের শহরটিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। ওই ড্রোনের আঘাতে ১৩ জন আহত হন এবং তাদেরকে ডিলিং হাসপাতালে ভর্তি করা হয়।
তিন বছরের গৃহযুদ্ধে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সঙ্গে লড়াই করা সুদানের নিয়মিত সেনাবাহিনী আরএসএফকে পরাজিত করার পর জানুয়ারিতে ডিলিং পুনরুদ্ধার করে।
গতকাল মঙ্গলবার সেনাবাহিনীপন্থি পররাষ্ট্র মন্ত্রণালয় ডিলিং এবং উত্তর কোর্দোফানের রাজধানী এল ওবাইদ এবং হোয়াইট নাইল রাজ্যের কোস্তিতে বেসামরিক বাড়িঘর এবং অবকাঠামোর ওপর আরএসএফ কর্তৃক ‘পরিকল্পিত হামলার’ নিন্দা জানায়।
তীব্র লড়াইয়ের মধ্যে দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশার দখলের পর আরএসএফ কোর্দোফানে সেনাবাহিনীর ওপর আক্রমণ আরও তীব্র করছে।
এ পর্যন্ত সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সুমন/