জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহর ওপর এক হত্যাচেষ্টা চালানো হয়েছে। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১১ মার্চ) রাতে যখন ফারুক আবদুল্লাহ এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী একটি বিয়ের অনুষ্ঠান শেষে বেরিয়ে আসছিলেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, জনৈক বন্দুকধারী পেছন থেকে আবদুল্লাহর দিকে এগিয়ে গিয়ে অত্যন্ত কাছ থেকে গুলি করে।
আবদুল্লাহর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা তাৎক্ষণিকভাবে এই প্রচেষ্টা নস্যাৎ করে দেন এবং অভিযুক্তকে আটক করেন। আটক ব্যক্তির নাম কমল সিং জামওয়াল (৬৩) বলে শনাক্ত করা হয়েছে।
পিটিআই-এর উদ্ধৃতি দিয়ে পুলিশ এক বিবৃতিতে জানায়, 'নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে হামলা প্রতিহত করেন এবং অভিযুক্তকে হেফাজতে নেন।'
হামলাকারীর পরিচয়
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত জামওয়াল জম্মুর পুরানি মান্ডির বাসিন্দা অজিত সিংয়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় যে, সে গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে লক্ষ্যবস্তু করার সুযোগ খুঁজছিল।
পুলিশ কর্মকর্তাদের মতে, জম্মু-কাশ্মীর পুলিশের নিরাপত্তা শাখার একজন পরিদর্শক এবং একজন উপ-পরিদর্শক অভিযুক্তকে কাবু করেন। আটকের সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। অপরাধে ব্যবহৃত পিস্তলটি পুলিশ উদ্ধার করেছে।
ভিডিও-
Allah is kind. My father had a very close shave. The details are sketchy at the moment but what is known is that a man with a loaded pistol was able to get within point blank range & discharge a shot. It was only the close protection team that deflected the shot & ensured that… https://t.co/hYBe64Eigl
— Omar Abdullah (@OmarAbdullah) March 11, 2026
দলীয় প্রতিক্রিয়া
ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভীর সাদিক নিশ্চিত করেছেন যে, ফারুক আবদুল্লাহসহ দলের তিন নেতাই নিরাপদ আছেন। তিনি বলেন, 'আমি ফারুক আবদুল্লাহ সাহেব, মাননীয় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর জি এবং নাসির আসলাম ওয়ানি সাহেবের সঙ্গে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।'
দলের জ্যেষ্ঠ নেতা নাসির আসলাম ওয়ানি সংবাদমাধ্যমকে বলেন, 'সে তার রিভলভার দিয়ে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছেন।'
ওমর আবদুল্লাহর উদ্বেগ
এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফারুক আবদুল্লাহর ছেলে এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছেন, 'আল্লাহ দয়ালু। আমার বাবা খুব কাছ থেকে বেঁচে ফিরেছেন।'
তিনি আরও জানান যে, বর্তমানে বিস্তারিত তথ্য কিছুটা অস্পষ্ট হলেও এটি নিশ্চিত যে এক ব্যক্তি লোডেড পিস্তল নিয়ে একদম কাছ থেকে গুলি ছুঁড়তে সক্ষম হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, 'একজন জেড+ এনএসজি (Z+ NSG) সুরক্ষা প্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে কেউ কীভাবে পৌঁছাতে পারল, সে বিষয়ে উত্তরের চেয়ে প্রশ্নই এখন বেশি।'
সুমন/