যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, আমেরিকা ‘ইরানের তেল দখল করতে’ এবং তেহরানের প্রধান তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপ দখলে নিতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পঞ্চম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে তার এমন মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ‘পছন্দ হবে তেল দখল করা’।
তিনি ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সঙ্গে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের তুলনা করেন।

ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র দেশটির তেলশিল্পের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল। একই ধরনের কৌশল ইরানের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হওয়ায় এটি দখলের যেকোনো প্রচেষ্টা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করে তুলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে এখনো ইরান সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি, বিবিসি
অমিয়/