যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে এক ঘণ্টায় যে দাবিগুলো করেছেন, সেগুলো ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি অভিযোগ করেন- ট্রাম্প ‘এক ঘণ্টায় সাতটি দাবি’ করেছেন, যার সবগুলোই ‘মিথ্যা’। তবে, দাবিগুলো ঠিক কী, তা তিনি উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ ‘পূর্ণ শক্তিতে’ বহাল থাকবে বলার কিছুক্ষণ পর বাঘের গালিবাফ তাকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।
গালিবাফ এক্সে এক পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত ‘নির্ধারিত পথ’ এবং ‘ইরানের অনুমোদন’ অনুযায়ী পরিচালিত হবে।
তিনি বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না।’
যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’ বলে ইরানের ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণাটি আসে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতি অনুসারে, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা কর্তৃক ইতোমধ্যে ঘোষিত সমন্বিত পথ ধরে যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’
এর জবাবে ট্রাম্প স্পষ্ট করেন যে, ইরানের সঙ্গে তাদের ‘লেনদেন’ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রণালীটির নৌ অবরোধ বহাল থাকবে।
তবে তিনি দাবি করেন, যেহেতু অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে, তাই এই প্রক্রিয়াটি ‘খুব দ্রুত’ সম্পন্ন হবে।
গালিবাফ বলেন, ‘তারা এই মিথ্যা দিয়ে যুদ্ধে জেতেনি, এবং আলোচনাতেও তারা কোনোভাবেই সফল হবে না। প্রণালীটি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এর নিয়ন্ত্রক নিয়মকানুন কী হবে, তা রণক্ষেত্রেই নির্ধারিত হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।’ সূত্র: এনডিটিভি
অমিয়/