সুস্থ দেহ সুস্থ মন বা স্বাস্থ্যই সকল সুখের মূল। সেজন্য কর্মরতদের সুস্বাস্থ্যের জন্য দৈনিক খবরের কাগজের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্পের আয়োজন করা হয়।
রবিবার (১০ আগস্ট) দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন দৈনিক খবরের কাগজের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল। এই আয়োজনে হেলথ পার্টনার হিসেবে রয়েছে এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টার এবং সার্বিক সহযোগিতা করছে পুষ্টিবিদ ফাউন্ডেশন।
উদ্বোধনকালে সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমরা স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি একটু অন্যভাবে বলি, নমরুদ নিজেকে খোদা মনে করতেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতার ব্যক্তি মনে করতেন। আল্লাহ-খোদা কিছুই মানতেন না। নিজেকেই সব মনে করতেন। যাই হোক আল্লাহ একটি মশা পাঠালেন, মশা তার নাক দিয়ে মস্তিকে ঢুকে কামড়ানো শুরু করল, পরে নমরুদ মারা গেলেন।’
তিনি বলেন, ‘আমরা ঢাকা শহরে যারা বাস করি, তাদের মশা ও সীসার যন্ত্রণা। সামান্য জ্বরে কাবু হয়ে যাই। বড় অসুখের কথা বাদই দিলাম। এখন যেটা দেখছি, অনেকেই বড় বড় রোগে আক্রান্ত হচ্ছেন। একেবারে গরিব মানুষ যারা, চিকিৎসা করানোর ক্ষমতা নেই তারাও ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।’
ঢাকা শহরে সুস্থ থাকা খুবই কঠিন উল্লেখ করে খবরের কাগজ সম্পাদক বলেন, ‘আপনি রাস্তা থেকে হাঁটবেন -জীবাণু, সীসার কথা বললেন, যা সার্বক্ষণিক আপনাকে আক্রান্ত করবে। একটি মশায় কামড়ে আপনি বিছানায় পড়ে যাবেন। আমরা যদি স্বাস্থ্য সচেতন হই, তাহলে ভালো থাকা সম্ভব। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ঠিকমতো অফিস করতে পারব না। আমাদের সুস্থ থাকা জরুরি। আমাদের এখানে যারা কর্মরত আছেন, তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন। তাদের স্বাস্থ্য ভালো রাখা জরুরি। সেই জন্য আমাদের এই উদ্যোগ।’
এই সহযোগিতার জন্য তিনি পুষ্টিবিদ ফাউন্ডেশন ও এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আগামীতেও সব সময় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের কাস্টমার রিলেশনস ইনচার্জ আবু নোমান।
এতে আরও বক্তব্য রাখেন খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী, কপি এডিটর মাসুদুজ্জামান, পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা রুমা, অ্যাসোসিয়েশন অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের ভাইস প্রেসিডেন্ট সায়িদা লিয়াকত, রেডিক্যাল হসপিটালের চিফ ডায়াটেশিয়ান কাজী হামিদা বানু বর্ষা।
সাওন/সালমান/