নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি, তাদের চাপ দেওয়ার কোনো অধিকারও নেই।
তিনি বলেন, ‘বিদেশিরা জানতে চায় সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য আমরা কী কী ব্যবস্থা নিয়েছি। আমাদের কার্যক্রমের মাধ্যমে তারা বুঝতে চায় আমরা একটি ভালো নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নিয়েছি কি না। নির্বাচন যথাসময়েই হবে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।’
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুরে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন।
নির্বাচনে বিএনপির না আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেই বিষয়ে কারও কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। যারা নির্বাচনের বিপক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বা হিংসাত্মক কার্যক্রম করছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সুষ্ঠু ও সুন্দর ভোট হলে এবং যদি ভোটার সংখ্যা বেশি হয় তাহলে সেটা অবশ্যই দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে।’
রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি তাদের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা প্রযোজ্য না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে এসেছে তাদের জন্য আচরণ বিধিমালা প্রযোজ্য। বিএনপি আমাদের কাছে কর্মসূচি পালনের জন্য অনুমতি চায়নি; অনুমতি চাইবে পুলিশের কাছে, আমাদের কাছে না।’
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াতজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিরা।
আসিফ/সালমান/