দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ছিল মঙ্গলবার (৩০ জানুয়ারি)। বেলা ২টা ৫০ মিনিটের দিকে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরনে ছিল ঘিয়ে রঙের জমিনে বেগুনি আঁচল ও পাড়ের শাড়ি। প্রধানমন্ত্রীকে দেখামাত্রই পা ছুঁয়ে সালাম করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন নবনির্বাচিত এমপিরা। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সালাম ও কুশল বিনিময় শুরু করেন। সেখানে সরকারদলীয় এমপিদের চেয়েও স্বতন্ত্র এমপিদের অংশগ্রহণ বেশি ছিল। জাতীয় পার্টির দু-একজন এমপিকেও প্রধানমন্ত্রীকে সালাম দিতে দেখা যায়।
নির্ধারিত আসনে বসার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীকে ঘিরে জড়ো হন সংসদ সদস্যরা। তারা সবাই সংসদ নেতাকে সালাম দেন। কয়েকজন এমপিকে দেখা যায় প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করতে। নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি নির্বাচিত হওয়া শাহজাহান ওমরকে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পরে তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শাহজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রীকে হাস্যরস করতেও দেখা যায়।
প্রধানমন্ত্রীকে সরকারদলীয় এমপি ছাড়াও স্বতন্ত্র এমপিরা পায়ে হাত দিয়ে সালাম করেন। প্রধানমন্ত্রীকে সালাম করতে অনেককেই দৌড়ে যেতে দেখা যায়। ভিড়ের কারণে যারা কাছে এসে সালাম করতে পারেননি তারাও দূরে দাঁড়িয়ে সালাম দেন সংসদ নেতা শেখ হাসিনাকে। বেলা ৩টার দিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় সবাইকে নিজ নিজ আসনে গিয়ে বসার জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন তাগিদ দিতে থাকেন। পরে একে একে সবাই নিজ নিজ আসনে গিয়ে বসেন।
প্রথম দিনেই অনুপস্থিত সাকিব ও মাশরাফি
সংসদ অধিবেশনের প্রথম দিনেই সংসদ কার্যক্রমে অনুপস্থিত ছিলেন দুই ক্রিকেট তারকা এমপি মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলায় তারা ব্যস্ত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি এবারের সংসদে নড়াইল-২ আসন থেকে শুধু দ্বিতীয়বারের মতো এমপিই নির্বাচিত হননি, প্রথমবারের মতো সরকারি দলের হুইপের দায়িত্বও পেয়েছেন। মাশরাফি ওই আসন থেকে ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট হাফিজুর রহমান পান মাত্র ৩ হাজার ভোট। বিপিএলের খেলা নিয়ে ব্যস্ততার জন্য মাশরাফির অধিবেশনে যোগ দেওয়া হয়নি। সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় খেলায় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি মাঠে নেমেছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে।
রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সংসদ কার্যক্রমে উপস্থিত থাকতে পারেননি। দ্বাদশ সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব মাগুরা-২ আসন থেকে বিপুল ভোটে নির্বচিত হন। তিনি ভোট পান ১ লাখ ৮৫ হাজার ৩৪৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। তিনি পেয়েছিলেন ৫ হাজার ৯৭৩ ভোট। নির্বাচিত হওয়ার পরদিনই ভোরে সাকিব চলে আসেন ঢাকাতে। এসেই তিনি বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ছিলেন। এরপর আর তিনি মাগুরা যাননি। যে কারণে নির্বাচিত হওয়ার পর অনেক নেতা-কর্মীই তাকে নিয়ে বিজয়োৎসবও করতে পারেননি।
মঙ্গলবার অধিবেশন কার্যক্রম চলাকালে তারা বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছেন। সাকিব ব্যাট হাতে মাঠে না নামলেও বল হাতে ৪ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।