কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চার হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন- দুইবারের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
তবে এদিন মনিরুল হক সাক্কু নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেননি। তার পক্ষে নেতা-কর্মীরা মনোনয়ন ফরম জমা দেন। তিনি ছাড়া বাকি তিন প্রার্থীই নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি জানান, মেয়র পদে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।