শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। আমরা চাই সেসব এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলো আরও উন্নত হোক।’
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসাসেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে। বাংলাদেশের চিকিৎসাসেবা নিয়ে সম্প্রতি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভূয়সী প্রশংসা করেছেন। ভুটান রাজার আমন্ত্রণে বাংলাদেশ সরকার ভুটানে বার্ন হাসপাতাল করার চুক্তি স্বাক্ষর করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সেবাদানে চিকিৎসকদের আরও বেশি মনোযোগী ও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘চিকিৎসকদের যেমন সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, আবার রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমার। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে পেশাগত দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ, ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া প্রমুখ।