কুমিল্লার চারটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই উপজেলাগুলো হলো- বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ১৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মুরাদনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর (আনারস), রাশেদ আলম হায়দার (দোয়াত কলম), গোলাম সারোয়ার হাসান (ঘোড়া) এবং বশির আহমেদ (কাপ-পিরিচ)।
বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার (ঘোড়া), তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য তারিক হায়দার (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম (দোয়াত কলম) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান (আনারস)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন (দোয়াত কলম), দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য এম এ জাহেরের ভাইয়ের ছেলে আবু তৈয়ব অপি (ঘোড়া), আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী (আনারস) এবং উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন (টেলিফোন)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুজন। তারা হলেন- স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ (আনারস) এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সহধর্মিণী শাহিদা আক্তার (ঘোড়া)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লার চার উপজেলা নির্বাচনে ৫০৭টি ভোটকেন্দ্রের ৩ হাজার ১৮৫টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।
চার উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯২ হাজার ৪৬০ জন।
বুড়িচং উপজেলায় ভোটার ২ লাখ ৫৭ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৩৬৫ জন, নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৭১০ জন।
ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৬ হাজার ২০৮ জন। এ উপজেলায় পুরুষ ভোটার ৯৭ হাজার ১৪৩ জন, নারী ভোটার ৮৯ হাজার ৬৪ জন।
মুরাদনগর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৪৪০ জন। এ উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ১১৮ জন, নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৩১৯ জন।
দেবিদ্বার উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন। এ উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন, নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৯১ জন।
রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য এবং ভোটারদের নিরাপত্তা রক্ষায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।
জহির শান্ত/সাদিয়া নাহার/অমিয়/