দেশব্যাপী চলমান জরুরি অবস্থার কারণে আগামী ২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩ পদে উপনির্বাচনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ জুলাই) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশব্যাপী কারফিউসহ চলমান প্রেক্ষাপটে আপাতত স্থগিত এসব উপনির্বাচনের ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কারফিউ উঠে গেলে ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তারিখে ভোটগ্রহণ করতে পারে ইসি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার ৫টি পদে এবং ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপনির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতিই ছিল। সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোতে ভোটকেন্দ্র প্রস্তুত করা, ভোটের দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও প্রস্তুত ছিলেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এসব উপনির্বাচনে ভোটে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৪ জুলাই, দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ৫ জুলাই, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে বাদ পড়া সংক্ষুব্ধ প্রার্থীদের আপিলের শেষ সময় ছিল ৬ থেকে ৮ জুলাই, আপিলের নিষ্পত্তি করা হয় ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১০ জুলাই এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১১ জুলাই।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচারের জন্য ১৫ দিন সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। আগামী ২৭ জুলাই এসব উপনির্বাচনে ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এলিস/সালমান/