বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বন্যাদুর্গত জেলাসমূহের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার; ৬৩ হাজার ৭১৪টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ২৩ হাজার ৩১১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগস্ট থেকে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ৯ হাজার ৭২৮টি, পরশুরামে ৫ হাজার ৮১২, ছাগলনাইয়ায় ৪ হাজার ৯৫১, ফুলগাজীতে ৬ হাজার ৩৬, সোনাগাজীতে ৪ হাজার ২৭৯ এবং দাগনভূঞায় ৭ হাজার ৭৮৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজ ও যশপুরে, নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজে ৩ হাজার ৪৫৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যায় বিপর্যস্ত ফেনী কারাগারের স্টাফ ও ৪০০ জন কারাবন্দিসহ মোট ২ হাজার ২০০ জনকে রান্না করা খাবার, বিভিন্ন ধরনের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনী সদর উপজেলায় ৬ হাজার ৬৪৭ জন, পরশুরামে ৩ হাজার ২৬২, ছাগলনাইয়ায় ২ হাজার ৮২৮, ফুলগাজীতে ৬৬০, দাগনভূঞায় ৫৮০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়া এবং নোয়াখালীর বেগমগঞ্জে ৫০০ প্যাকেট প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।