কুমিল্লা সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বিএসএফ অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায়।
লে. কর্নেল ইফতেখার হোসেন জানান, ভারতের অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ মরদেহ নিয়ে গেছে। ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। আজ দুপুর ১টার দিকে আমাদের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাব।
অমিয়/