সেনাবাহিনীর কর্মকর্তাদের নাম ব্যবহার করে দেশের শিল্পাঞ্চলগুলোতে একশ্রেণির প্রতারক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এসব প্রতারকের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
সংস্থাটি জানায়, বাংলাদেশ সেনাবাহিনী শুধু শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্পকারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসাসংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়। এ প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।
এজন্য উল্লিখিত নম্বরে অভিযোগ করা যাবে। নম্বরগুলো- ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯।
আলমগীর/পপি/