রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় অনিশ্চিত বাংলাদেশের সাহসী কণ্ঠ হয়ে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের অসামান্য অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে রাঙ্গুনিয়ার জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ইরাক-ইরান যুদ্ধে জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে মুন্না বলেন, শহিদ জিয়া তার অত্যন্ত সংক্ষিপ্ত শাসনামলে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে।
জিয়াউর রহমানের আমলে খাল কাটা কর্মসূচি ও কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। জনশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও তার অবদান আছে।
জিয়াউর রহমানের প্রথম সমাধিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক শেকড়ের।
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, শহিদ জিয়ার সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক জীবনের শুরু চট্টগ্রামেই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বর্ণাঢ্য কর্মযজ্ঞ নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি আমরা।
গত ১৬ বছর জিয়াউর রহমানের অবদানকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মোছা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া, সাবেক উপজাতিবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী প্রমুখ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি চট্টগ্রামে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে আসেন।
নাইমুর/অমিয়/