অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছয় থেকে সাতটি স্থানে সংস্কার চলছে, যা ডিসেম্বরে শেষ হবে। নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ উপদেষ্টাদের নেই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কবে নির্বাচন করবেন। নতুন নির্বাচন কমিশনকে সংগঠিত হতে দিন। তারাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন অ্যাকাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসকন প্রসঙ্গে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে আর নেই। সম্প্রতি যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই, নিজেরাই বলেছে। এমনকি হিন্দু ধর্মাবলম্বীরা বিষয়টি স্বীকার করেছেন। আমি মনে করি, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সেটাই পরিচয়। সে যে ধর্মেরই হোক না কেন। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশা করি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে। তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে আমরা দৌড়াতে থাকলে এগোতে পারব না।’
চলমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘নাগরিক হিসেবে মনে করি ভারতের সঙ্গে আমাদের ভালো রিলেশন থাকার কথা। কে ক্ষমতায় থাকল, কি থাকল না সেটা বড় কথা নয়। আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। ভারতের মতো একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। বাংলাদেশের মানুষ কিন্তু ভারতবিরোধী নয়। তাই আমরা আশা করি আমাদের সঙ্গে যতটুকু ভুল-বোঝাবুঝি আছে সেটা দূর হবে।’
এ সময় দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে নৌ উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এর মধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের দুই-একটিতে যেখানে মালিক নেই, সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে কাজ করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগারের টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।’
মেরিন অ্যাকাডেমিতে ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যে কারণে বাংলাদেশে মেরিন অ্যাকাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক।’
বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ অন্যরা।
এ বছর অ্যাকাডেমির নটিক্যাল বিভাগে ২৭ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেটসহ ৫৩ জন ক্যাডেট প্রি-সি কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বর্তমানে অধ্যয়নরত রয়েছেন ১১৬ জন ক্যাডেট।