প্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্রে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে দেওয়ার হবে, তাছাড়া কোনো পোষ্য কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (৮ ডিসেম্বর)) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি এখন সময়ের দাবি। সেইসঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে।
এ ছাড়াও তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এজন্য তিনি সমাজের সবার সামগ্রিক সহযোগিতা কামনা করেন।
প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপবৃত্তির জন্য বিশাল ব্যয় হচ্ছে। কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে, সেটির কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হবে। এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে এই ‘মিড ডে মিল’ চালু হবে।
বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ও জেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই’র সুপারিনটেনডেন্ট, থানা শিক্ষা কর্মকর্তাসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরে একই স্থানে ‘মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময়’ অনুষ্ঠানে যোগ দেন। সূত্র: বাসস
তাওফিক/অমিয়/