বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ১০১ এরিয়ার চিফ অব স্টাফ মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিনজন স্টাফ অফিসার এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন। একইভাবে ভারতীয় সেনাবাহিনীর তিনজন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।
আইএসপিআর আরও জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলমগীর/নাবিল/