পাকিস্তানের বিশিষ্ট সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।’
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।
রবিবার (২২ ডিসেম্বর) ফতেহ আলী খান সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাহাত ফতেহ আলী খানকে তিনি বলেন, ‘আপনি গুণী ব্যক্তি। আপনি শুধু পাকিস্তানের নন, এই উপমহাদেশ তথা সারা বিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে আপনার অনেক ভক্ত রয়েছে।’
সাক্ষাতকালে রাহাত ফতেহ আলী বাংলাদেশের সংগীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশে তাকে আমন্ত্রণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিনি ধন্যবাদ জানান।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ।