চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের জন্য হাজার কোটি টাকার উড়োজাহাজ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সিটের নিচে আড়াই কোটি টাকার স্বর্ণের চালানসহ এক যাত্রীকে আটক করা হয়। চোরাচালানকৃত স্বর্ণবার পরিবহণ করায় উড়োজাহাজটিও চোরাচালানের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তাই বিকালে উড়োজাহাজটিও জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উড়োজাহাজটির আনুমানিক মূল্য ১ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উড়োজাহাজটি সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকায় চলে যায়। আমরা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিনের মাধ্যমে জানতে পারলাম, যেহেতু কাগজে-কলমে স্বর্ণের চোরাচালান জব্দ হয়েছে, এ কারণে উড়োজাহাজকেও একটা জবাবদিহিতার আওতায় আনা যাবে। উড়োজাহাজটির সিটের নিচে সোনা লুকানোটা যাত্রীর পক্ষে সম্ভব না। বিমানের কেউ সহায়তা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া বিমানের ভেতর ক্যামেরা আছে। ফুটেজগুলো দেখা হচ্ছে। একটা জবাবদিহিতার আওতায় আনার জন্য বিমানটি জব্দ করা হয়েছে। তবে বিমানটি সাধারণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এতে কোন বাধা নেই।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন খবরের কাগজ বলেন, চোরাচালানকৃত স্বর্ণবার পরিবহণ করায় উড়োজাহাজটিও চোরাচালানের দায়ে অভিযুক্ত। তাই স্বর্ণবার আটকের পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি- ১৪৮ (বোয়িং ৭৭৭-ইআর, রেজি. নং-এস২-এএফকিউ) এর উড়োজাহাজটিও কাস্টমস আইন, ২০২৩ মোতাবেক জব্দ করা হয়। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও জবাবদিহির মধ্যে আসবে।
এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন এনএসআই টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এ সময় এক যাত্রীকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম- আতিয়া সামিয়া। আতিয়া রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোহাম্মদ ইয়াসিনের মেয়ে। সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। তার ভিজিটিং কার্ডেও একই তথ্য পাওয়া যায়।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এনএসআই টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমানের ভিতরে তল্লাশি চালিয়ে বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ২০টি স্বর্ণ বার (২ কেজি ৩৩০ গ্রাম, ২৪ ক্যারেট) উদ্ধার করে। যার বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আটক যাত্রীর বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা হয়েছে।
তারেক মাহমুদ/এমএ/