মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার চৌধুরী জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকাণ্ডে ক্ষতিপূরণ এবং হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে এ কর্মবিরতি শুরু হয়। রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ জন্য রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালনের জন্য বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সব বেসিক ইউনিয়ন ও শাখার নেতারা শ্রমিকদের আহ্বান জানান।
রিফাত/পপি/