দেশে দারিদ্র্যের হার সামান্য বেড়েছে। এটা ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ২ শতাংশে। গ্রামে দারিদ্র্যের হার কমলেও শহরে বেড়েছে। দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর সবচেয়ে ধনী হচ্ছে নোয়াখালী। ঢাকার পল্টন এলাকায় দারিদ্র্যের হার সবচেয়ে কম ১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘পোভার্টি ম্যাপ অব বাংলাদেশ ২০২২’ জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিবিএস, বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান সিমোন লসন পার্চমেন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
জরিপে দেখা যায়, সার্বিকভাবে দেশে দারিদ্র্যের হার বাড়লেও গ্রামে কমেছে। হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে অনুযায়ী, গ্রামে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ, যা বর্তমান সার্ভেতে কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে শহর এলাকায় দারিদ্র্য বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। এর আগে শহরে দারিদ্যের হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, এটি এখন বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫ শতাংশে।
প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ। রংপুরে দারিদ্র্যের হার ২৫ শতাংশ। রাজশাহীতে ১৬ দশমিক ৩ শতাংশ, সিলেটে ১৮ দশমিক ৫ শতাংশ, ময়মনসিংহ ২২ দশমিক ৬ শতাংশ, খুলনা ১৭ দশমিক ১ শতাংশ এবং ঢাকা বিভাগে দারিদ্র্যের হার ১৯ দশমিক ৬ শতাংশ। দারিদ্য বেড়েছে সিলেট, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগে। এই সময়ে কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার।
ইতোপূর্বে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভেতে ঢাকার দারিদ্র্যের হার ছিল ১৭ দশমিক ৯ শতাংশ যা প্রোভাটি ম্যাপ অব বাংলাদেশ-২০২২ সার্ভেতে বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ শতাংশে।
দেশের সবচেয়ে ধনী থানা হচ্ছে ঢাকার পল্টন। এ এলাকায় দারিদ্র্যের হার সবচেয়ে কম ১ শতাংশ। জেলা হিসেবে সবচেয়ে ধনী হচ্ছে নোয়াখালী। সবচেয়ে বেশি মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারিপুরের দাসার উপজেলা (৬৩ দশমিক ২ শতাংশ)।