শুল্কমুক্ত সুবিধায় আনা এমপিদের ২৪টি বিলাসবহুল গাড়িসহ মোট ৪৪টি গাড়ি নিলাম দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাড়িগুলো ই-নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৪৪টি লটে ১৩৩টি দরপত্র পড়েছে। এর মধ্যে ১১ লটের দরপত্র জমা পড়েনি।
এর আগে ১০ কোটি টাকা মূল্যের প্রতিটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় খালাস করতে পারেননি দ্বাদশ সংসদের সদস্যরা। কিন্তু গত বছর ৫ আগস্টের পটপরিবর্তন ও দ্রুততম সময়ে সংসদ ভেঙে দেওয়ায় ‘কপাল পুড়েছে’ ওই এমপিদের। গাড়িগুলো নিলামে বিক্রি করে ১৭৫ কোটি টাকা রাজস্ব পাবে সরকার।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেন নিলাম নিতে আগ্রহীরা। ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন বিডাররা। আজ সোমবার দুপুর ২টায় দরপত্রের বক্স খোলা হয়েছে।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন খবরের কাগজকে বলেন, ‘এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলো নিলাম হয়েছে। এর মধ্যে ৪৪ লাটের ২৬টি লটে এমপিদের গাড়ি ছিল। সোমবার দুপুরে দরপত্র বক্স খোলা হয়েছে। এতে দেখা যায়, অনলাইনে ১৩৩টি দরপত্র জমা পড়েছে। তবে ১১টি লটে কেউ দরপত্র জমা দেয়নি। এ দরপত্রগুলো দেখে যাছাই-বাছাই করে গাড়িগুলো খালাস দেওয়া হবে।’
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা সূত্র জানায়, নিলামে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে। এসব গাড়ি আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মজিবুর রহমান ও জান্নাত আরা হেনরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, মো. আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, মুহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মো. সাদ্দাম হোসেন (পাভেল), তারানা হালিম, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার জাহেদী, আখতারউজ্জামান, মো. আবুল কালাম আজাদ, রুনু রেজা, মো. তৌহিদুজ্জামান, শাহ সারোয়ার কবীর, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, আবদুল মোতালেব, শাম্মী আহমেদ ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
চট্টগ্রাম কাস্টম নিলামের ক্যাটালগ তথ্য থেকে জানা যায়, এই নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়িই ছিল মোট ২৬টি। এর মধ্যে ২০২৪ সালে জাপানে তৈরি ৩৩৪৬ সিসি ল্যান্ড ক্রুজার জেডএক্স মডেলের ব্রান্ড নিউ গাড়ি রয়েছে ২৪টি। এর প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া ২০২১ সালে জাপানে তৈরি ২৬৯৩ সিসি ল্যান্ড ক্রুজার টিএক্স মডেলের গাড়ি রয়েছে ২টি। এর মধ্যে একটির সংরক্ষিত মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটি ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা। নিলামে জাপানে তৈরি টয়োটা হ্যারিয়ার গাড়ি আছে মোট ৫টি।