নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসকে ঘিরে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এবং যৌক্তিক সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরে ভোট করতে হলে জুলাই-আগস্টের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে হবে কমিশনকে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। তবে আমরা ডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করতে। কাজেই সেরকম যৌক্তিক সময়েই সংসদ ভোটের তফসিল ঘোষণা করা হবে।’
নির্বাচনের আগে সংস্কার প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এবারের নির্বাচনে বড় বিষয় রাজনৈতিক ঐকমত্য। এক্ষেত্রেতো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমত্য হবেন। মনে করেন যদি কালই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। ভোটের তফসিলের জন্য একটা যৌক্তিক সময় লাগবে।
এসময় তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোন চাপ অনুভব করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিশন স্বাধীন। আমাদের ওপর কোনো চাপ নেই। কোন চাপের কাছে কমিশন নতি স্বীকার করবে না। তফসিল ঘোষণার ক্ষেত্রে কমিশন কারো মুখাপেক্ষী হবে না, কারো নির্দেশনায়ও কাজ করবে না। কারো সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। আমাদের একটাই কথা, স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে চাই। এবং আমাদের করতেই হবে’।
এসময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, যতটা জানা গেছে তাতে স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনেও সময় লাগবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালেও প্রস্তুতি নিতে সময় লাগবে। স্থানীয় নির্বাচনের কিছু দিক রয়েছে; যেমন- পৌরসভা, সিটি নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। কেউ কেউ বলছে একই সঙ্গে সম্ভব কি না। এ পর্যায়ে সরকার যদি একইসঙ্গে এসব নির্বাচন করতে চায় তাহলে অনেক ধরনের প্রস্তুতি থাকতে হবে, কমিশনকে এ বিষয়ে এখনো কমিশনের নজরে আসেনি, সরকার থেকে সুস্পষ্টভাবে জানানোও হয়নি।
এলিস/এমএ/