রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় জোরদার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৫৭টি মামলা করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গত শুক্রবার দিনে ও রাতে মহানগরের ৫০টি থানা এলাকায় দুই পালায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১১ জন ডাকাত, ১৩ জন ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, আটজন চোর, ১৪ জন মাদক কারবারি এবং ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে একাধিক ধারালো অস্ত্র, লোহার রড, তিনটি ল্যাপটপ, নগদ ১ লাখ ৩ হাজার টাকা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ছাড়া ১০ হাজার ৩২০ পিস ইয়াবা, ৪৬৫ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন ও চারটি নরফিন ইনজেকশন জব্দ করা হয়।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য অনুযায়ী শুক্রবার দিনে ও রাতে ২৪ ঘণ্টায় মহানগরজুড়ে ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা কার্যক্রম চালানো হয়। দুই পালায় এই টহল কার্যক্রম পরিচালিত হয়। এতে মোবাইল প্যাট্রোল টিম, ফুট প্যাট্রোল টিম ও হোন্ডা প্যাট্রোল টিম সক্রিয় ছিল।