চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) শতভাগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের (এফডিআই) মাধ্যমে বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডিপি ক্লিনটেক। বিশ্বব্যাপী পাঁচটি দেশে তাদের প্ল্যান্ট চালু রয়েছে।
সোমবার (১৭ মার্চ) টাইগারপারের চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে এই প্রস্তাব তুলে ধরা হয়। সভায় প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য নিয়ে আলোচনা করা হয়। এরপর সংশ্লিষ্ট প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি করপোরেশনের আরেফিন নগরের ওয়েস্ট ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন।
যুক্তরাজ্যের ওই কোম্পানির বাংলাদেশির এজেন্ট প্রতিষ্ঠানের পরিচালক ডা. ফরহাদুল হাসান খবরের কাগজকে বলেন, ‘এর আগেও চট্টগ্রাম সিটি করপোরেশন এ ধরনের অনেক প্রস্তাব পেয়েছে। অতীতের চেয়ে তাদের প্রস্তাবের পার্থক্য হলো আমেরিকান কোম্পানিটি জমি কেনা থেকে শুরু করে সব কিছুতে বিনিয়োগ করবে। এখানে বাংলাদেশ সরকার কিংবা সিটি করপোরেশনের কোনো বিনিয়োগ নেই। এমনকি আবর্জনা সংগ্রহের সময় পচনশীল এবং অপচনশীল আলাদা করারও দরকার নেই। বর্তমানে যেভাবে আবর্জনা সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যায়, সেভাবে দৈনিক ৪০০ ট্রাক আবর্জনা দিতে হবে। এটা সিটি করপোরেশনের জন্য কোনো ব্যাপার নয়। তারা প্রতিদিন এর চেয়ে বেশি আবর্জনা সরায়। চসিকের এই উদ্যোগ সফল হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।’
সভায় উপস্থিত ছিলেন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ডিপি ক্লিনটেকের ব্যবস্থাপনা পরিচালক মেথিও মোলেনা, ডিপি ক্লিনটেকের স্থানীয় প্রতিনিধি তারিকুল ইসলাম, মো. মারুফ ও ক্যাপ্টেন জাবেদ।