ঠিকাদারের অর্থে বিদেশ ভ্রমণ করেছেন এমন অভিযোগের জবাব দিয়ে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বিশ্বখ্যাত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভেন্ডরদের মাধ্যমেই যেতে হয়, কারণ এটা তাদের টেক শো।
শুক্রবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানিয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি প্রতিবছর হয়, যেখানে ঠিকাদার বা ভেন্ডররা নিজেদের প্রযুক্তি প্রদর্শন করেন। যেহেতু তারা নিজেদের প্রযুক্তি প্রদর্শন করেন সে জন্য তারাই পৃথিবীর প্রতিটি দেশ থেকে স্টেকহোল্ডারদের নিজেদের খরচে নিয়ে যান। তাই গুজব না ছড়িয়ে সঠিক সমালোচনার আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, যেকোনো অভিযোগের জবাবদিহি করতে তিনি প্রস্তুত। ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তার দায়িত্ব পালনের সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো অনৈতিক বিদেশ ভ্রমণ হয়নি। নাহিদ ইসলাম সম্ভবত বাংলাদেশের ইতিহাসের একমাত্র উপদেষ্টা যিনি একবারের জন্যও বিদেশ ভ্রমণ করেননি।
ফয়েজ আহমদ তৈয়্যব নিজের সম্পর্কে বলেন, ‘আমি ৫ মার্চ থেকে দায়িত্ব পালন করছি। আমার সময়ও অনৈতিক বিদেশ ভ্রমণ হচ্ছে না। নিজেও বিদেশ ভ্রমণকে নিরুৎসাহিত করছি। নিজের স্বল্পসময়ে তিনি চারটি বিদেশ ভ্রমণের প্রস্তাব ডিক্লাইন (প্রত্যাখ্যান) করেছেন। সচিবপর্যায়ের একটি চার দিনের দরকারি ভ্রমণকে দুই দিনে কমিয়ে এনেছেন।’