আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে, কোনো ঘটনা আড়াল করার সুযোগ নেই- পুলিশ কর্মকর্তাদের এমন কঠোর বার্তা দিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, মামলার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সোমবার (২১ এপ্রিল) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ২০২৫ সালের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধ যাতে না ঘটে, সে জন্য প্রতিরোধমূলক কার্যক্রম বাড়াতে হবে। ছিনতাই অনেকাংশে কমেছে, তবে তা যেন আবার না বাড়ে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় মামলা নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের হার বাড়ানোর তাগিদ দেন তিনি।
তিনি বলেন, প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজ নিজ এলাকার মামলার তদন্ত কার্যক্রম মনিটর করতে হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির ভূমিকা আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, থানার টহল টিমকে এলাকার ভবনের সিকিউরিটি গার্ডদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে। কোনো অপরাধের তথ্য থাকলে, তা যেন পুলিশের কাছে পৌঁছায়- সে পরিবেশ তৈরি করতে হবে।
বিগত সময়ে রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য ডিএমপির সব সদস্যকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ডিএমপির সদস্যদের আউট অব দ্য বক্স চিন্তা করে কাজ করতে হবে। ট্রাফিক ও ক্রাইম বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বাড়ানোর পাশাপাশি চিহ্নিত অপরাধীদের ধরতে ব্লক রেইড আরও নিয়মিত করতে হবে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মার্চ মাসের ডাকাতি, চুরি, খুন, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম। এ ছাড়া ডিএমপির সব থানার ওসি ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।