মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব, কে কী বলল, তাতে কোনো যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি।’
মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরে খলিলুর রহমান বলেন, ‘আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাদের ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এটা একটা ক্রসবর্ডার। এ জন্য ওপারে যেই থাক না কেন, তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব। মায়ানমারের সেনাবাহিনী যদি ওই পাশে আসে আসুক। তাদের সঙ্গে আগেও আমাদের যোগাযোগ ছিল। তারা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব।’
আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর গত মাসে মায়ানমারের জেনারেল মিন অং হ্লায়িংয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানায়। সেই চিঠিতে জান্তা সরকার অসন্তোষ প্রকাশ করে। তবে এখন পর্যন্ত সরকার আরাকান আর্মিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।