চুয়াডাঙ্গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাতেও রেকর্ড করা হয়েছে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমের অনুভূতি বেড়েছে।
শুক্রবার (৯ মে) এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।
কবির/সুমন/