কারা নির্যাতিত ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নিযুক্ত হওয়ায় বিএনপি ও এলাকাবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলের দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠান চলার সময়ে ছাত্রদলের দুই গ্রুপে মারামারি শুরু হয়। এতে ছাত্রদল নেতা আলী ইমাম মঞ্চেই নাসির হোসেন নামে আরেক ছাত্রদল নেতাকে কিলঘুষি মারতে মারতে জামার কলার ধরে মঞ্চ থেকে নিচে নিয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেন মঞ্চে উপস্থিত নেতা-কর্মীরা।
মারামারির ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা ভিডিও ধারণ করলে তাদেরকেও হুমকি দেন ছাত্রদল কর্মীরা।
এ ঘটনার কোনো ভিডিও যেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে না দেওয়া হয় এ হুঁশিয়ারি দেন তারা।
ছাত্রদলের একাধিক নেতা-কর্মী বলেন, ‘বড় অনুষ্ঠানে এমন তুচ্ছ ঘটনা ঘটতেই পারে।’
তবে ছাত্রদলের এমন কাজে ক্ষোভ প্রকাশ করেন প্রধান অতিথি ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
এ ঘটনার জন্য আরিফুল ইসলাম আরিফও দুঃখ প্রকাশ করেছেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ৮টার দিকে শেষ হয়।
রুহুল/পপি/