বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসানের করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার এই রুল জারি করেন আদালত।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ, কনটেন্টগুলো ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, চ্যানেলটি নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে।
রিটে বলা হয়েছে, চ্যানেলটি বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। তা ছাড়া এই চ্যানেল নিরন্তর বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। এই চ্যানেল বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তা ছাড়া চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। তা ছাড়া দেশের নিরাপত্তার স্বার্থে এই বিদেশি চ্যানেলের সব নিউজ, কনটেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে।’
তথ্যসচিব, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, পররাষ্ট্রসচিব; স্বরাষ্ট্রসচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটে।