প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি তাদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতারও প্রশংসা করেন।
সোমবার (৭ জুলাই) পিজিআরের সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
আইএসপিআর জানায়, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় পিজিআর। নানা আয়োজনের মধ্য দিয়ে এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্য পদবির সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময় সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বক্তব্যে সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদ, পিজিআরের পাঁচজন শহিদসহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ ছাড়াও সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, সেনাবাহিনীর কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।