রাষ্ট্র সংস্কারের অমীমাংসিত মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৭তম বৈঠক চলছে।
গত ৩ জুন থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান এই বৈঠকের আজ মঙ্গলবার (২২ জুলাই) ১৭তম দিন।
বৈঠকে আলোচ্য বিষয়- প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ), তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন দলের সমন্বিত প্রস্তাব এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান।
অন্য দিনের মতো মঙ্গলবারও কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার দিকে কমিশনের বৈঠকটি শুরু হয়েছে।
এতে আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা।
বৈঠকের সূচনায় ড. আলী রীয়াজ বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত আটটি বিষয়ে দলগুলো একমত হতে পেরেছে। সেগুলো হলো- সংবিধানের ৭০নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণা। এ ছাড়া আরও কিছু মৌলিক ইস্যুতে তারা কাছাকাছি অবস্থানে আছে। সেসব ইস্যুতে পুনঃআলোচনার মাধ্যমে ঐক্য গড়ার চেষ্টা চলছে। দ্বিতীয় দফা বৈঠকে এ পর্যায়ে আরও বেশকিছু ইস্যুতে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য হয়েছে। এ ছাড়া এখনো সাতটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় অমীমাংসিত। অনালোচিত রয়েছে আরও কয়েকটি মৌলিক ইস্যু।’
এদিকে কমিশন বৈঠকে কয়েক দফা আলোচনার পরও রাষ্ট্র পরিচালনায় সংবিধানের মূলনীতি ইস্যুতে কিছুতেই ঐক্যে আসতে পারছে না রাজনৈতিক দলগুলো।
সোমবার (২১ জুলাই) ১৬তম বৈঠকের আলোচনায় এ বিষয়ে নতুন প্রস্তাব উত্থাপন করে কমিশন।
তাতে রাষ্ট্রের মূলনীতিতে- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা এই পাঁচটি যুক্ত করার প্রস্তাব রাখা হয়। জানানো হয়, কেউ এসব বিষয়ে দ্বিমত পোষণ করলে তা জাতীয় সনদে উল্লেখ করা হবে। তবে আলোচনায় সংবিধানের বিদ্যমান ৪ মূলনীতি পরিবর্তন কিছুতেই মানা হবে না বলে জানিয়ে দেন সিপিবি, গণফোরামসহ বাম দলগুলোর নেতারা। একই সঙ্গে এই মূলনীতির পরিবর্তন কিংবা প্রতিস্থাপনে নোট অব ডিসেন্ট দিয়ে নয়, শতভাগ ঐকমত্যের ভিত্তিতেই করতে কমিশনের প্রতি আহ্বান তাদের।
এর আগে ২০ জুলাই ১৫তম বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে একটি ‘সমন্বিত প্রস্তাব’ দিয়েছে। এতে একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি আরও পর্যালোচনা করে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছে।
ঐকমত্য কমিশন সোমবার জানিয়েছে, আজ (মঙ্গলবার) এ বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে।
এবারের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন আগে আংশিক ঐকমত্য হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ অমীমাংসিত মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বারবার বৈঠকে উত্থাপন করছে। বৈঠকটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এলিস/পপি/