সেবাকে দায়িত্ব হিসেবে নিলেই জুলাই আন্দোলনের মূল শিক্ষা ধারণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ‘আমরা আজ জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পেরেছি, কার্যকর পরিবর্তনের পথে এগোচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণের উপর আস্থা রাখতে শিখেছি। জনগণ কেবল ভোটার নয়, তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রধান অংশীদার। যদি আমরা সেবাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করি, তাহলেই জুলাই আন্দোলনের মূল শিক্ষা ধারণ করা সম্ভব হবে।’
শনিবার (২৮ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠান শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘জুলাই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয় বরং এটি আশাবাদী পরিবর্তনের আহ্বান। রাষ্ট্র ও প্রশাসনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এই অভ্যুত্থান।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এক সাহসী সূচনা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ আমাদের সামনে একটি নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে দিয়েছে। কর্মসংস্থান, অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আমরা ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছি।’
সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
তিনি বলেন, ‘তরুণদের কখনো দমন করা যায় না। তারা উদ্দীপিত, দুর্বার। জুলাই-আগস্টের অভ্যুত্থান তরুণদের সাহস ও সংগ্রামের প্রকৃত রূপ প্রকাশ করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ আগস্টের আন্দোলনে দৃষ্টি হারানো মো. সাব্বির আহমেদ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক ইসরাত হোসেন খান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট অপারেশনের মহাপরিচালক জুলফিকার আলী, আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ এবং টোয়াব সভাপতি মো. রাফিউজ্জামান।
‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি এবং পর্যটন মেলার আয়োজন করা হয়।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রক্তদানে অংশ নিয়ে কর্মসূচির সূচনা করেন এবং পর্যটন মেলার ১০টি স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সম্পূর্ণভাবে দৃষ্টি হারানো ১১ জন ‘জুলাই যোদ্ধা’-র হাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের দুইটি করে টিকিট এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটও তুলে দেন বাণিজ্য উপদেষ্টা।
তিথি/পপি/