পুলিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো প্রকার বিভেদ থাকতে পারে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলগুলোকে বিভেদ সৃষ্টি না করে বরং আগামী নির্বাচন নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব রাজনৈতিক দল পুলিশের সঙ্গে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তাদের প্রতি অনুরোধ থাকবে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ না করে বরং আগামী নির্বাচন নিয়ে ভোটের জন্য কাজ করা প্রয়োজন। পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকতে পারে না কারণ পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারে আরও গুরুত্ব দিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার।
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের মামলাগুলোতে অভিযোগপত্র দাখিল করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। প্রকৃত নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হয় তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে।
এর আগে র্যাব ১১ এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কোনো বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করবে বাংলাদেশ। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার বরাবরের মতোই প্রতিবাদ জানিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের ৬২ বিজিবি দপ্তর পরিদর্শন করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিল্লাল হোসাইন/মাহফুজ