জুলাই সনদ নিয়ে রাজনৈতিক প্রস্তাবগুলোর বিষয়ে পর্যায়ক্রমে বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আরও মতামত নেবে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকায় ঐকমত্য কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের পর্যালোচান সভায় এ সিদ্ধান্ত হয়।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে এতে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা পর্যালোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আরও কথা বলবে। এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন, রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখা হবে।
এরই মধ্যে কমিশন থেকে পাঠানো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর প্রাথমিক খসড়ার ওপর বেশিরভাগ রাজনৈতিক দল ও জোট মতামত দিয়েছে। গতকালের সভায় যেসব দল এখনও সাড়া দেয়নি, তাদের দ্রুত মতামত জানাতে তাগিদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এলিস/অমিয়/