গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে একটি বৈষম্যহীন, মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা একান্ত কর্তব্য।
জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সোমবার (৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান: প্রত্যয় ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেনের পক্ষে তার লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
ড. কামাল হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে একটি বৈষম্যহীন, মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনো ক্রমেই ব্যাহত করা যাবে না। এক্ষেত্রে অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তরবর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে সতর্কতার সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অভিপ্রায়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা একান্ত কর্তব্য।’’
রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ও বিভক্তির কারণে জনগণ আন্দোলনের সফলতা বা ফসল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, এ কারণে বারবার হোঁচট খেতে হয়েছে। দীর্ঘ ৫৩ বছরেও আমরা রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য তা প্রতিষ্ঠা করতে পারিনি। জনগণকে পুনরায় রাষ্ট্রের বা ক্ষমতাসীন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে।
জয়ন্ত সাহা/