নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে রপ্তানি আয়ে হাওয়া লেগেছে। গত মাসে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি। কারণ গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৩৮১ কোটি ৯৫ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সোমবার (৪ আগস্ট) ইপিবি এই প্রতিবেদন প্রকাশ করে।
মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে তৈরি পোশাক থেকে। এই খাতের উপর ভর করেই রপ্তানি আয় বাড়ে। অন্য সময়ের মতো গত মাসেও এই খাত ভালো করেছে। ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি। কারণ গত বছরের জুলাই মাসে ৩১৭ কোটি ৮৪ লাখ ডলার রপ্তানি হয়েছিল।
প্রতিবেদনে আরও দেখা যায়, তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্যে প্রবৃদ্ধি ভালো হয়েছে। এখাতে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ১৩ শতাংশ, হোম টেক্সটাইলে ১২ শতাংশ, পাট ও পাটজাতপণ্যে প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এছাড়াও গত জুলাই মাসে প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। তবে কাঠ ও কাঠপণ্যে ৫৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
জাহাঙ্গীর আলম/