হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৬ ফ্লাইট থেকে বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৮ কেজি ১২০ গ্রাম।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, সকালে কাতারের দোহা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিজি-৩২৬ ফ্লাইটে অভিযান পরিচালনা করে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযানে কাস্টমসের বিমানবন্দর ইনচার্জ যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন নেতৃত্ব দেন। এ সময় ফ্লাইটটির সামনের কার্গো হোল্ড থেকে কালো স্কচটেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলোর বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
এ বিষয়ে কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, ‘বারগুলো যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। এ বিষয়ে কাস্টমস আইন-২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে বিমানটির কার্গো হোল্ডে এত পরিমাণ স্বর্ণ এল, কারা এতে জড়িত, তা খতিয়ে দেখার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’