আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি এবং ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে বিষয়টি জানানো হয়।
সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন, ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ শেষে ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সব ভোটারসহ)।
এবার নির্বাচনে প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত হতে পারে। সম্ভাব্য ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। তবে আগের মতো এবারও প্রয়োজনের তুলনায় ১০ শতাংশ বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা এবং ৫ শতাংশ অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
সালমান/