চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেটে একটি পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে খবর পেয়ে ৫টা ৫ মিনিটে উদ্ধারকাজ শুরু করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট। দুর্ঘটনায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)। তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। মাছ কিনতে পিকআপভ্যান নিয়ে ফিশারিঘাটে যাচ্ছিলেন তারা।
জানা গেছে, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। চালক কিছুক্ষণ পর পর ঘুমিয়ে যাচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। বাকি পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অমিয়/