ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী কনস্টেবলকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত এক পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর পুলিশ প্রশাসনের নজরে আসে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, অভিযোগকারী নারী ও অভিযুক্ত পুরুষ কনস্টেবল দুজনই ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট নারী কনস্টেবল দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ করেন যে, ওই পুরুষ কনস্টেবল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচ মাস ধরে ধর্ষণ করে আসছে। এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাৎক্ষণিকভাবে দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেন। ঘটনা তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বসহকারে দেখা হয় এবং তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য যদি তদন্তে দোষী সাব্যস্ত হন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’