নতুন যানবাহন নিবন্ধনের সুযোগ অব্যাহত থাকলে ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয় দুরুহ হয়ে উঠবে বলে অভিমত এসেছে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায়। সেই সভায় সড়ক পরিবহন খাতের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি আইন প্রয়োগের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি করাও জরুরি।
আজ সোমবার রাজধানীর বাংলামোটরে বিআইপি কনফারেন্স হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘অ্যাডভান্সিং ট্রাফিক ম্যানেজমেন্ট থ্রো সিগনাল কন্ট্রোল: অপারেশন, প্ল্যানিং অ্যান্ড পলিসি পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।
বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। সেমিনারের প্রধান অতিথি ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ট্রাফিক্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আশরাফুল আলম রতন, সিগমাইন্ড এর সহ-প্রতিষ্ঠাতা আবু আনাস শুভম এবং ট্রান্সপোর্ট প্রফেশনালস অ্যালায়েন্স (টিপিএ) এর প্রধান নির্বাহী এবং ট্রাফিক্সের সহ-প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ নূরুল হাসান।
তারা রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোকপাত করতে গিয়ে ‘সিআইটিএ’ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় ঢাকায় সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করতে সিগন্যাল সিস্টেমের সব তথ্য কিভাবে সমন্বয় করা যায় সেসব নিয়ে আলোকপাত করেন। রাজধানীর গুলশান-১ মোড়ে ‘সিআইটিএস’ পদ্ধতির পরীক্ষামূলক বাস্তবায়নের তারা কী কী তথ্য পেয়েছেন সেটিও তুলে ধরেন সেমিনারে।
পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম সোহেল মাহমুদ বলেন, ঢাকায় নতুন যানবাহন নিবন্ধনের সুযোগ অব্যাহত থাকলে ট্রাফিক ব্যবস্থাপনাকে কার্যকরভাবে সমন্বয় করা অত্যন্ত কঠিন। এছাড়া ঢাকা শহরের মতো দেশের অন্যান্য শহরেও কার্যকর ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু ও রক্ষণাবেক্ষণ জরুরি।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি আইন প্রয়োগের কার্যকারিতা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান বলেন, কার্যকরি ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তিন চাকার যানবাহন ও পথচারী সংশ্লিষ্ট বিষয়গুলোর সঠিক গবেষণার মাধ্যমে সমাধান করতে হবে।
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান সমাপনী বক্তব্যে বলেন, স্বতন্ত্র ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আলাদা করে একটি পরিকল্পনা বিভাগ গঠন করা যেতে পারে। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে হবে।
জয়ন্ত সাহা/মাহফুজ