সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সরকারি বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছে উৎকোচ দাবি ও দুর্নীতির অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
সাময়িক বরখাস্তরা হলেন আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইন সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তনাধীন এবং তা স্পর্শকাতর। তারা চাকরিতে বহাল থাকলে আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তকাজে প্রভাব বিস্তার করতে পারেন।
অন্যদিকে পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি বাসা বরাদ্দের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবিসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।