নারীদের জন্য ৫-৭ শতাংশ আসন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা কে চৌধুরী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপে তিনি এ মন্তব্য করেন।
রাশেদা কে চৌধুরী বলেন, “৫৫ বছর পরও নারীদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। এটা মেনে নেওয়া যায় না। আমাদের ন্যূনতম দাবি, ৩৩ শতাংশ আসন নারীদের জন্য নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, 'নারীরা শুধু ভোটার নন, তারা সমাজের প্রতিটি স্তরে অবদান রাখছেন। অথচ রাজনৈতিক দলগুলো নারীদের অংশগ্রহণকে প্রান্তিকভাবে দেখছে।'
নারীদের যথাযথ মর্যাদা দিয়ে ভোটের আগে, চলাকালে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন।
প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়েও গুরুত্ব আরোপ করে রাশেদা কে চৌধুরী বলেন, “প্রবাসীদের সন্তানরা পড়াশোনার জন্য দেশে থাকে। তাদের নিরাপত্তা ও অংশগ্রহণও গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অর্থবহ হবে না।
এলিস/মৌসুমী/