শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পূজা নিয়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১ হাজার ৬০৬টি মণ্ডপ রয়েছে। সেখানে দু-একটি ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন হচ্ছে। তবে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
পুলিশের তালিকা অনুসারে, সারাদেশে পূজা মণ্ডপে ছোটখাটো ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে। এ ছাড়াও অনেকগুলো জিডি হয়েছে। ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়েকটি ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, চট্টগ্রামে জামায়াত কর্মী সেজে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি জামায়াত কর্মী নন বলেও জানা গেছে। এ ছাড়াও পূজা মণ্ডপের গেটের কাপড় ছিঁড়ে ফেলা, বাতাসে প্রতিমা ভেঙে যাওয়া-সহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জিডি করা হয়েছে, প্রয়োজন হলে মামলা হবে।
পাহাড়ের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, পাহাড়ের ঘটনাটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে নির্দিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ তাকেও গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে। তারপরও কেন এটিকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে, কারা করছে আমাদের বোধগম্য নয়।
জাহাঙ্গীর/মেহেদী/