ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যেভাবে আমরা দেশ থেকে জুলুমকারীদের উৎখাত করেছি, ঠিক সেভাবেই আমাদের শহর থেকেও অন্যায় ও বিশৃঙ্খলা দূর করতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’ স্মৃতিকে ধারণ করে তোরণ দুটি নির্মাণ করা হয়েছে। আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’ এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।
‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এইসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। সেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং শহরের নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। শহরের ভেতর এমন কিছু স্থাপনা থাকা প্রয়োজন, যা আমাদের অতীত সংগ্রামের কথা মনে করিয়ে দেবে এবং নগরীর সৌন্দর্যও বৃদ্ধি করবে।’
তিনি আরও বলেন, ‘শহরকে অপরিচ্ছন্ন রাখা, ব্যানার-পোস্টারে ভরিয়ে ফেলা বা সবুজ ধ্বংস করাও এক ধরনের জুলুম। এসব থেকে শহরকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব এবং সেই কাজ আমরা করছি।’
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাজু/এসজি/