চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকা ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীদেরকে আগামী ১৬ নভেম্বরের মধ্যে একটি গুগল ফরম পূরণ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিপিএসসির ওয়েব সাইটে প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে আগামী ১৬/১১/২০২৫ তারিখ বিকেল ৫.০০ ঘটিকার মধ্যে নিম্নের Google Form আবশ্যিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো: https://forms.gle/cVb8Bcw7V8iqMjpc6।’
উল্লেখ্য ৪৫তম বিসিএস পরীক্ষার্থীদের ভাইভা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন। ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন–ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
সুমন/