ঘুষ-দুর্নীতিসহ সমাজের নানা অসঙ্গতিতে দেশে শিক্ষার মান ক্রমাগত নিম্নগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নিজের লেখা প্রবন্ধ সংকলন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস, স্মৃতিতে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফিরদৌস আজিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন শিক্ষাবিদ-অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, নাট্যব্যক্তিত্ব ও অনুবাদক খায়রুল আলম সবুজ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, লেখক-গবেষক কাজী সামিও শীশ।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এখন অর্থ সবকিছুর মূল্যদাতা। যে হাত ঘুষ নেয়, দুর্নীতি করে; সেই হাত ক্রমাগত দীর্ঘ হচ্ছে। অথচ জ্ঞানের হাত তত দীর্ঘ হচ্ছে না। শিক্ষার সঙ্গে জীবিকার সম্পর্ক ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে।’
উন্নয়নের সঙ্গে শিক্ষার সংযোগ নিয়েও হতাশা প্রকাশ করেন প্রবীণতম শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এ উন্নয়ন কর্মসংস্থান নিশ্চিত করছে না। এ ঘটনা প্রমাণ করে এগুলো ফাঁকা উন্নয়ন, ফাঁকিবাজির উন্নয়ন। যে উন্নয়ন শিক্ষাকে উৎসাহিত করে না, জ্ঞানকে মূল্যবান করে না তা যথার্থ উন্নয়ন না।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্মৃতিতে’ বইটি বেঙ্গলবুকস আগামীকাল রবিবার থেকে বাজারে আনবে। ১৫২ পৃষ্ঠার এই বইয়ের মূল্য ৩৮০ টাকা।
জয়ন্ত/মাহফুজ